BREAKING NEWS

জাতীয়

বিনোদন

অর্থ ও বাণিজ্য

Monday, 10 March 2014

পরিবেশ বিনষ্ট করে শিল্পায়ন নয়: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, পরিবেশ রক্ষায় কোন আপস করবে না সরকার। রোববার গার্মেন্ট এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের ওপর এক সেমিনারে এ কথা বলেন তিনি। শিল্পমন্ত্রী বলেন, আমরা কোনভাবেই পরিবেশ বিনষ্ট করে শিল্পায়ন চাই না। পরিবেশের সুরক্ষা করেই শিল্পায়নের লক্ষ্য পূরণে কাজ করছি। শিল্পোন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে। আমির হোসেন আমু বলেন, পরিবেশের ভারসাম্য নষ্ট করে কিংবা প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে, এমন কোন শিল্প স্থাপনের অনুমতি বর্তমান সরকার দেবে না। শিল্পোদ্যোক্তাদের অবশ্যই পরিবেশ ও সামাজিক কমপ্লায়েন্স বা বাধ্যবাধকতাগুলো মেনে নিয়ে শিল্প স্থাপন করতে হবে। তৈরী পোশাক, জাহাজ ভাঙা, ট্যানারি বা ওষুধ শিল্পসহ যে কোন ধরনের শিল্পই হোক না কেন, সরকারের এ অবস্থান সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। গার্মেন্ট এক্সেসরিজ শিল্প মেলা উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজারে এ সেমিনারের আয়োজন করা হয়। অর্থনীতিবিদ ড. মকবুল আহমেদ খান সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন, যার প্রতিপাদ্য বিষয় হচ্ছে- বাংলাদেশের গার্মেন্ট এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পখাত প্রবৃদ্ধি, সামাজিক বাধ্যবাধকতা ও পরিবেশ ইস্যু। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য সচিব মাহাবুব আহমেদ, সিপিডি’র ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ প্রফেসর ড. এমএম আকাশ। সেমিনারে সভাপতিত্ব করেন বিজিএপিএমইএ’র সভাপতি রেফাজ আলম চৌধুরী। দেবপ্রিয় ভট্টাচার্য্য বলেন, বিদ্যুৎ, গ্যাস, নিষ্কণ্টক জমি ও রাস্তাঘাট এই চারটি সমস্যা শিল্পায়নের কাঠামোগত সমস্যায় পরিণত হয়েছে। এ সমস্যা সমাধান জরুরি। বিজিএপিএমইএ সব সময় পণ্যের বহুমুখীকরণ করে চলছে। এটি শক্তির লক্ষণ। এমএম আকাশ বলেন, রপ্তানি করতে হলে আপনাদের পরিবেশের বিষয়গুলো ভাবতে হবে। প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে হবে। এক্ষেত্রে আপনি উদ্যোক্তা হিসেবে কি করতে পারেন আর সরকার কি করতে পারে- এই দু’য়ের মধ্যে সমন্বয় হলেই সক্ষমতা বাড়বে। সেমিনারে বক্তারা রপ্তানিমুখী শিল্প হিসেবে বাংলাদেশের গার্মেন্টস এক্সেসরিজ এবং প্যাকেজিং সেক্টরের সার্বিক অগ্রগতির বিষয়ে আলোচনা করেন। মেলায় দেশী ও বিদেশী শিল্প প্রতিষ্ঠানসহ প্রায় ৫০০টি স্টল অংশগ্রহণ করে। এ শিল্প মেলায় ভারত, চীন, পাকিস্তান, তাইওয়ান, অস্ট্রেলিয়া, জার্মানি, দুবাইসহ প্রায় ২৫টি দেশ অংশ নেয়। দর্শকরা মেলায় মেশিনারিজ এবং উৎপাদিত পণ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন।

Post a Comment

 
Copyright © 2013 InnerViews24.com
ThemeForest Blogger Template Free Download. Powered byBlogger